ঢাকা, ১০ অক্টোবর ২০২৫:
হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে ৩-৪ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ভাগ্য নির্ধারণ এখন কেবল সময়ের অপেক্ষা। কোচের একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন খোদ অধিনায়ক জামাল ভূঁইয়া, যা কাবরেরার বাংলাদেশ অধ্যায় শেষের জোরালো ইঙ্গিত দিচ্ছে।
জামালের তোপ, ভুল প্রমাণের ম্যাচে হার
যমুনা টিভির প্রতিবেদন অনুযায়ী, দলের হারের পর থেকে সমর্থক থেকে শুরু করে বিশ্লেষক—সবার চক্ষুশূল এখন এই স্প্যানিশ কোচ। সমালোচনার প্রধান কারণ হলো তার একাদশ নির্বাচন। বদলি হিসেবে নেমে শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ানরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় প্রমাণ হয়েছে যে শুরুর একাদশ নির্বাচনে কোচ ভুল করেছিলেন।
ম্যাচের পর অধিনায়ক জামাল ভূঁইয়া স্পষ্টভাবে জানান যে দলের হারের পেছনে কাবরেরার ভুল সিদ্ধান্ত দায়ী। তিনি বলেন, “আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলব।… আমি, জায়ান, সৌমিত আর ফাহমিদুল আমরা চারজন স্টার্টিং ইলেভনে (শুরুর একাদশ) খেলতে চাই।” সমর্থরা প্রশ্ন তোলেন যে, যে প্লেয়াররা মাঠে নামার পর ম্যাচের ফল বাংলাদেশের দিকে চলে আসছিল, তাদের কেন আগে নামানো হলো না?
বাফুফের সিদ্ধান্ত: ১৪ অক্টোবরের অপেক্ষায়
চলতি বছরের এপ্রিল মাসে বাফুফে সভাপতি যমুনা টিভিকে নিশ্চিত করেছিলেন যে হংকং ম্যাচের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে কোচ কাবরেরার ভবিষ্যৎ। ভাগ্য পরীক্ষার প্রথম ধাপেই হারের মুখ দেখতে হয়েছে দলটিকে।
তবে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল কোচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য হংকংয়ের বিপক্ষে ফিরতি অ্যাওয়ে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানা গেছে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ‘মাস্ট উইন’ ম্যাচ হলেও, বাফুফে সভাপতিকে আপাতত ‘গলার কাঁটা’ হয়ে ওঠা এই কোচকেই হজম করতে হচ্ছে। যমুনা টিভির প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী ম্যাচের ফলাফল যাই হোক না কেন, হাভিয়ের কাবরেরার বাংলাদেশ অধ্যায় যে শেষ হতে যাচ্ছে—তা প্রায় নিশ্চিত।














