নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার একটি লেক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লেকের আশপাশের এলাকায় রাতের বেলায় মানুষের চলাচল খুবই কম থাকে। ফলে ঠিক কীভাবে ওই যুবক লেকে পড়লেন অথবা তার মৃত্যু হলো, সে সম্পর্কে প্রত্যক্ষভাবে কেউ কিছু বলতে পারেনি। স্থানীয়রা শুধু মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহেটি উদ্ধার করে।
এসআই মাসুম লাভলু আরও বলেন, “নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা প্রাথমিক তদন্তে প্রতিটি দিক খতিয়ে দেখছি — এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো হত্যাকাণ্ড রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।”
পুলিশ বর্তমানে নিহত যুবকের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।








