সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, সময় চক্র অনলাইন:
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন জনগণের প্রতি দেশের কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত, যা রুখে দিতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবিরাম আন্দোলন চালিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের ফলেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিজয় এসেছে।
তবে তিনি সতর্ক করে বলেন, “এই বিজয়ের পরও কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলনের নামে দেশের উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা করছে।” এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে তিনি ভোটারদের বিএনপিকে বিজয়ী করার জন্য অনুরোধ জানান।
বিএনপির এই প্রবীণ নেতা বিশ্বাস করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জনগণ তাঁদের অবাধ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। তিনি বলেন, “হাসিনার ধ্বংস করে যাওয়া দেশকে পুনর্গঠনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে—এ ব্যাপারে আমি আশাবাদী।”
মুহাম্মদ গিয়াসউদ্দিন তাঁর শেষ বক্তব্যে জনগণের অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের ইতিবাচক ভূমিকা কামনা করেন।
নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মাজেদুল ইসলাম, এম এ হালিম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।








