সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চারদিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাইকারটেক ব্রিজ ডালের ডোবার পাশে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। পরে কয়েকজন মিলে ডোবার কাছে গিয়ে একটি বস্তা দেখতে পান। তাদের সন্দেহ হলে তারা সঙ্গে সঙ্গে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বস্তাটি উদ্ধার করে খোলার পর ভেতরে এক তরুণীর মরদেহ দেখতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি ব্যাগে ভরা ছিল এবং তার গলায় দড়ির চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
মৃতার পরিবার দাবি করছে, অজ্ঞাত দুর্বৃত্তরা নয়, বরং তার স্বামী রায়হান মীমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে এখানে ফেলে গেছে। তারা অবিলম্বে স্বামীকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন, “ব্যাগ থেকে এক নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিচয় শনাক্ত হয়েছে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।








